ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিউত্তরায় জামায়াতের সুধী সমাবেশ

উত্তরায় জামায়াতের সুধী সমাবেশ

‘সৎ, যোগ্য ও ধার্মিক নেতৃত্বের মাধ্যমে বদলে দেওয়া হবে ঢাকা উত্তর’

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর উত্তরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তরা পশ্চিম থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উত্তরার জমজম কনভেনশন সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

উত্তরা পশ্চিম থানা আমীর মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ও জোন পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জনগণের অধিকার ও কল্যাণের প্রশ্নে জামায়াতে ইসলামী কখনো পিছিয়ে যায়নি। ঢাকা শহরকে আধুনিক ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তরের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নগরবাসীর প্রয়োজনীয় সেবা সহজে পৌঁছে দিতে একটি ডিজিটাল অ্যাপ তৈরি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।

নগর উন্নয়নে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, সঠিক পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়নে সদিচ্ছা, সততা ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বর্জ্যকে সম্পদে পরিণত করা হচ্ছে। সঠিক পরিকল্পনা থাকলে ঢাকার বর্জ্য থেকেও শিল্পকারখানা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। বর্জ্য থেকে পরিবেশবান্ধব কলম তৈরির উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তরের সম্ভাবনা দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নেতৃত্বে আসার সুযোগ পেলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি উৎপাদনের নতুন সুযোগ তৈরি করা সম্ভব।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের নেতৃত্বের জায়গাগুলোতে সৎ, যোগ্য ও ধার্মিক মানুষকে দায়িত্ব দেওয়া হলে বর্তমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আগামী সিটি করপোরেশন নির্বাচনে সমর্থন পেলে নাগরিক সুবিধাসম্পন্ন, পরিচ্ছন্ন, আধুনিক ও সমৃদ্ধ ঢাকা উত্তর গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে নগর উন্নয়ন, নাগরিক সমস্যা ও ভবিষ্যৎ ঢাকা নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, মাহবুবুল আলম মুকুল, আন্তর্জাতিক বিভাগের সদস্য আলী আহমেদ মাবরুর, সাইদুর রহমান মোল্লা, ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ ভূঁইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular