ঢাকা  শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে বোনদের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নান্দাইলে বোনদের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
      ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল খালেকের পাঁচ মেয়ের পৈতৃক সম্পত্তি দখল ও মারধরের অভিযোগ উঠেছে তাদের ভাই আব্দুর রাশিদ ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার ও পৈতৃক সম্পত্তিতে নিজেদের প্রাপ্য অংশ বুঝে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বোনেরা।
      শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফাতেমা আক্তার।
      লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২০ সালে তাদের বাবা আব্দুল খালেক মারা যাওয়ার পর থেকে পৈতৃক সম্পত্তি তাদের ভাই আব্দুর রাশিদ দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। বোনেরা নিজেদের প্রাপ্য অংশ চাইতে গেলে তাদের গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
      ফাতেমা আক্তার আরও অভিযোগ করেন, শনিবার সকালে তারা মৃত বাবা আব্দুল খালেকের বসতঘরে অবস্থানকালে আব্দুর রাশিদ, তার স্ত্রী আয়শা, ছেলে আশিক এবং মৃত শাহজাহানের স্ত্রী নাদিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় আব্দুর রাশিদ দা দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। অন্য বোনেরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
      তিনি বলেন, দা-এর আঘাতে তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় তার বড় বোন শাহিদা আক্তার আব্দুর রাশিদসহ পাঁচজনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
      ভুক্তভোগীরা তাদের পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ বুঝে পাওয়ার দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির হস্তক্ষেপ কামনা করেন।
      মৃত আব্দুল খালেকের স্ত্রী হাজেরা খাতুন অভিযোগ করে বলেন, তার ছেলে আব্দুর রাশিদ স্থানীয় এক বিএনপি নেতার প্রভাব খাটিয়ে তার মেয়েদের ওপর অত্যাচার করছেন। মেয়েরা যাতে তাদের প্রাপ্য সম্পত্তি বুঝে পান, সে জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
      সংবাদ সম্মেলনে আম্বিয়া খাতুন, সুফিয়া খাতুন, নাজমা খাতুন, শাহিদা আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
      এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular