নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : ফেনীর দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় নেওয়া মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজ ফেনীবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
বুধবার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগরের ঘাটঘরে প্রকল্পের উদ্বোধনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনীর মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির উদ্বোধন করবেন।
তিনি বলেন, মুহুরী-কহুয়া প্রকল্প শুধু একটি বাঁধ নির্মাণের বিষয় নয়। বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষের জানমাল, কৃষি ও জীবিকা সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।
এ্যানি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ফেনী সফরে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধনের পাশাপাশি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার বানুসহ পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




