ক্রীড়া ডেস্ক: এশিয়ান গেমসে সোনা জিতে নতুন ইতিহাস গড়লেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই এশিয়াডে সোনাজয়ী ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলেট হওয়ার কীর্তি গড়েছেন তিনি। পাকিস্তানকে হারিয়ে ভারত পুরুষ ক্রিকেট দলের সোনা জয়ের ম্যাচেই এসেছে এই রেকর্ড।
আজ (৩ অক্টোবর) করোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারায় ভারত। দলের এই সাফল্যের অংশ হয়ে নতুন রেকর্ড গড়েছেন ১৫ বছর বয়সী সূর্যবংশী।
এর আগে এশিয়ান গেমসে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে সোনা জয়ের রেকর্ড ছিল শুটার সৌরভ চৌধুরীর। ২০১৮ সালের জাকার্তা এশিয়াডে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৬ বছর ৩ মাস ৯ দিন। সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী।
শুধু সোনা জয়ের রেকর্ডই নয়, এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ পদকজয়ীও হয়েছেন তিনি। ফাইনালের দিন তার বয়স ছিল ১৫ বছর ৬ মাস ৭ দিন।
ভারতের হয়ে এশিয়াডে সবচেয়ে কম বয়সে পদক জয়ের রেকর্ড এখনো সঞ্জনা বাথুলার দখলে। ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে নারীদের ৩০০০ মিটার স্পিড স্কেটিং রিলেতে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৫ বছর ৩ মাস ১১ দিন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন স্কোয়াশের প্রতিভা আনাহত সিং। ২০২৩ সালে নারীদের দলীয় ইভেন্টে ব্রোঞ্জ জয়ের সময় তার বয়স ছিল ১৫ বছর ৬ মাস ১৬ দিন।




