ময়মনসিংহ প্রতিবেদক: যুবসমাজকে মাদক ও অপরাধের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, খেলাধুলার চর্চা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ গড়তে হলে সুস্থ ক্রীড়াসংস্কৃতি বিকশিত করতে হবে। এর মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। খেলাধূলা একটি জাতিকে মানসিকভাবে শক্তিশালী ও শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, খেলাধূলা কেবল খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ থাকে না তার সঙ্গে দর্শক, আয়োজক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়। ফলে এধরণের খেলাধূলার আয়োজন একটি মিলন মেলায় পরিণত হয় যা সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।




