নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩টি শিশু রয়েছে বলে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদন উল্লেখ করেছে সমাজসেবা অধিদপ্তর। কন্যাশিশু ১৫৩ জন এবং ছেলেশিশু ১৪৬ জন। এই শিশুদের মায়েদের কেউ সাজা খাটছেন, আবার কারও মামলা রয়েছে বিচারাধীন।
প্রতিবেদনে বলা হয়েছে, মায়েদের সঙ্গে কারাগারে থাকা এসব শিশুকে শিশু আইন অনুযায়ী সুবিধাবঞ্চিত হিসেবে বিবেচনা করা হয়। কারাগারের পরিবেশ দীর্ঘমেয়াদে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অনুকূল নয়। তাই শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নির্দিষ্ট বয়স বা সময়সীমা শেষে নিকটাত্মীয়ের কাছে বিকল্প পারিবারিক যত্নে পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে। সেখানে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হলে সরকারি শিশু পরিবার বা উপযুক্ত নিরাপদ আবাসনে রেখে তাদের লালন-পালন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার সুপারিশ করেছে সমাজসেবা অধিদপ্তর।
সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা ইউনিট ও প্রবেশন শাখার সমন্বিত মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) পাঠানো প্রতিবেদনে কারাগারে থাকা শিশুদের সুরক্ষার আইনি ভিত্তি, বিদ্যমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শিশু আইন, ২০১৩-এর মূল দর্শন হলো শিশুর সর্বোত্তম স্বার্থ রক্ষা করা। আইনের ৮৯(১)(৬) ধারা অনুযায়ী, কারাভোগরত মা-বাবার ওপর নির্ভরশীল অথবা কারাভোগরত মায়ের সঙ্গে কারাগারে থাকা শিশু সুবিধাবঞ্চিত শিশু হিসেবে গণ্য। ফলে এসব শিশুর জন্য বিশেষ সুরক্ষা, যত্ন-পরিচর্যা ও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণের আইনগত ভিত্তি রয়েছে।
গত ১৫ জুন দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা ও তাদের বয়সের বিবরণ জানতে চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চান হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। পাশাপাশি রুলে জানতে চাওয়া হয়েছিল কারাগারে থাকা ওইসব শিশুদের নিরাপত্তা, কল্যাণ, শিক্ষা, সঠিক বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কেন প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না। কিন্তু কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখন প্রতিবেদন দাখিল করেনি। সুপ্রিম কোর্টের অবকাশের পর এই রিটের চূড়ান্ত শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারি আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার দিপা।
কারা অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের ৭৪টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে মায়েদের সঙ্গে ২৯৯ শিশু (২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত) রয়েছে। এসব শিশুর মায়েদের বেশিরভাগই মাদক মামলার আসামি।
সম্প্রতি কারা অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের ১৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে শিশু রয়েছে ১০০ জন। চট্টগ্রাম বিভাগের ১২টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে রয়েছে ৯০ শিশু। রাজশাহী বিভাগের ৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে রয়েছে ২৫ শিশু। সিলেট বিভাগের ৫টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে রয়েছে ১৯ শিশু। এছাড়া রংপুর বিভাগের ৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ২৫ জন, খুলনা বিভাগের ১০টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ২০ জন, বরিশাল বিভাগের ৬টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে মায়েদের সঙ্গে রয়েছে ১৩ জন শিশু। মায়েদের সঙ্গে সবচেয়ে বেশি শিশু রয়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে।



