নিউজ ডেস্ক : চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছিলেন একদল শিক্ষার্থী। শুক্রবার রাতে এ আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন উপাচার্য অনুপম সেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
অনুপম সেন পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘বার্ধক্যজনিত কারণে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে আজ থেকে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি৷’
উপ-উপাচার্য এবং ট্রেজারারও একই সঙ্গে পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।
আন্দোলনকারীদের অভিযোগ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অনুপম সেন। তিনি জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বিপ্লবের বিরোধী ছিলেন। তিনি ‘স্বৈরাচারের দোসর’ তাই তাকে পদত্যাগ করতে হবে। বুধবার থেকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছিল। ওই দিন একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে জিইসি ক্যাম্পাসসহ তিনটি ক্যাম্পাসের ফটকে তালা ঝুলিয়ে দেয়। ‘সাধারণ শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রিমিয়ার ইউনিভার্সিটি’ ব্যানারে আন্দোলনকারীরা পরদিন বৃহস্পতিবারও ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর ২০০৬ সাল থেকে তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন।অনুপম সেন শিক্ষায় অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক পান।



