গণতন্ত্রের ভিত শক্তিশালী হলে ব্যবসায়ীদের অবস্থানও মজবুত হবে বলে মন্তব্য করেছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না। দেশের ও জনগণের স্বার্থে তাদের কাজে লাগাতে হবে। নির্বাচিত সরকারের জবাবদিহি রয়েছে। তাই জনগণের কল্যাণে পুলিশ বিভাগ পরিচালনা করা সরকারের বড় দায়িত্ব।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ১৭ বছর পুলিশ বিভাগ যেভাবে পরিচালিত হয়েছে, সেভাবেই চলেছে। বিগত সরকারের কোনো জবাবদিহি ছিল না। যখন যা ইচ্ছা হয়েছে, তখন তা-ই করেছে। এতে স্বর্ণ ব্যবসায়ী, অন্য ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ কেউই উপকৃত হননি।
তিনি বলেন, ভোটের অধিকারকে অগ্রাধিকার দিয়েই তাঁদের আন্দোলন করতে হয়েছে। গণতন্ত্রের ভিত যত শক্তিশালী হবে, ব্যবসা ও ব্যবসায়ীদের অবস্থান তত বেশি মজবুত হবে।
দেশপ্রেম ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব
পানিসম্পদ মন্ত্রী বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলে চলবে না, সবাইকে দেশপ্রেমিক হতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্বর্ণ ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এ খাতে কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের কাজের সুযোগ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
তবে ব্যবসা ও কর্মসংস্থানের পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, প্রতিটি ব্যবসা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভরশীল। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।
বাজুসের জেলা কমিটির শপথ গ্রহণ
বাজুসের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির লক্ষ্মীপুর জেলা কমিটির চেয়ারম্যান সমীর কর্মকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ অনেকে।



