প্রেসক্লাবের সামনে দুই ঘণ্টার মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি সাংবাদিকদের
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। সোমবার (২৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের জেলা ও উপজেলা শাখার যৌথ উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মামলার শিকার দুই সাংবাদিক হলেন দৈনিক বাংলাবাজার পত্রিকার রায়পুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও দৈনিক সবুজ বিপ্লবের সাংবাদিক মিজানুর রহমান।
মানববন্ধনে বক্তারা মামলাটিকে মিথ্যা, সাজানো ও হয়রানিমূলক দাবি করে বলেন, যথাযথ তদন্ত ও তথ্যপ্রমাণ যাচাই ছাড়াই দুই সাংবাদিককে মামলার এজাহারভুক্ত আসামি করা হয়েছে। তাঁদের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের চিত্র তুলে ধরেন। কিন্তু সত্য প্রকাশ করতে গিয়ে তাঁদের বিভিন্ন সময় মামলা, হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠছে। এসব ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের জেলা কমিটির সভাপতি একেএম মাহামুদ রিয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মনজুরী আলার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিক, পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির, দৈনিক নতুন পথের সম্পাদক ও আনন্দ টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবিএম সাগর এবং দেশের সংবাদের সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম হাওলাদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
মো. খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে তাঁদের কণ্ঠরোধের চেষ্টা মেনে নেওয়া যায় না। রায়পুরের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাঁদের মামলা থেকে অব্যাহতি দিতে হবে। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়েরের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মোহাম্মদ আলী আবির বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ যথাযথভাবে তদন্ত করা জরুরি। কোনো সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হলে আইনি প্রক্রিয়ায় তাঁর অধিকার রক্ষায় সংগঠনটি ভূমিকা রাখবে।
মানববন্ধন থেকে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাঁদের অব্যাহতি, সাংবাদিক হয়রানি বন্ধ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সাংবাদিকেরা লক্ষ্মীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে মামলার বিষয়ে জানতে চান এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এ সময় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। পাশাপাশি মামলাটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকেরা জানান।
পুলিশের এ আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখলেও সাংবাদিক নেতারা বলেন, শুধু আশ্বাস নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধ না হলে এবং এ মামলার সুষ্ঠু সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হবে বলেও তাঁরা জানান।



