ক্রীড়া ডেস্ক: এল ক্লাসিকোয় জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের জয়ে বড় অবদান রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচেই স্প্যানিশ ক্লাবটির হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ফরাসি তারকা।
তবে ব্যক্তিগত এই অর্জনের চেয়ে বার্সেলোনার বিপক্ষে দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এমবাপ্পের কাছে শততম গোল শুধুই ‘ছোট্ট ব্যাপার’।
গতকাল (২৫ অক্টোবর) লা লিগার এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে রিয়াল। স্বাগতিকদের হয়ে রাফিনহা একটি গোল করলেও এমবাপ্পের জোড়া গোলে জয় তুলে নেয় রিয়াল। এই জয়ে লিগের শীর্ষে থাকা দলের সঙ্গে ব্যবধান কমিয়ে তিন পয়েন্টে নিয়ে এসেছে তারা।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপ্পে বলেন, ‘আমি খুব খুশি। সবাই জানে, আমি গোল করতে পছন্দ করি। গোল করে দলকে সাহায্য করতেও ভালো লাগে। তবে আজকের দিনে এটা শুধুই একটা ছোট্ট ব্যাপার। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয়।’
দলের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে ফরাসি তারকা আরও বলেন, ‘সত্যি বলতে, আজকের ম্যাচের আসল তারকা দল, পুরো দলটাই। আমরা জানতাম, আমাদের বড় একটা ম্যাচ খেলতে হবে, দল হিসেবে খেলতে হবে। শেষ পর্যন্ত আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। তবে এই জয়েও আমরা পেয়েছি মাত্র তিন পয়েন্ট। লা লিগা জিততে হলে আমাদের আরও অনেক পয়েন্ট সংগ্রহ করতে হবে।’
মৌসুমের শুরুতে কিছুটা অস্থিরতা থাকলেও এখন ছন্দ ফিরে পাচ্ছে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জিতেছে দলটি। তবে এই সাফল্যে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চান না এমবাপ্পে, ‘এটার (টানা পাঁচ জয়) আলাদা কোনো অর্থ নেই। আমাদের এগিয়ে যেতে হবে। পাঁচটি জয় আমাদের কাছে কিছুই না। আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।’
বার্সার বিপক্ষে জয়কে ইতিবাচক বার্তা হিসেবে দেখলেও মৌসুমের বাকি সময় নিয়ে সতর্ক এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আজকের জয় অবশ্যই ভালো একটা বার্তা। কিন্তু আমরা ভাবতে পারি না যে মৌসুম শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচেও আমাদের একই রকম তীব্রতা নিয়ে খেলতে হবে।’



