নিউজ ডেস্ক: ক্রমবর্ধমান আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জাপান। দেশটির সংশোধনাধীন তিনটি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা নথিতে ‘ডিটারেন্স বাই ডিনায়াল’ বা প্রতিপক্ষকে হামলার লক্ষ্য অর্জনে ব্যর্থ করার সক্ষমতাকে প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জাপানের ইয়োমিউরি শিম্বুনের প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নতুন কৌশলের আওতায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন সামরিক ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘ সময় সংঘাত চললেও যেন অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ অব্যাহত রাখা যায়, সে জন্য প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতাও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনাটি জাপানের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি এবং ডিফেন্স বিল্ডআপ প্রোগ্রামের সংশোধনীতে অন্তর্ভুক্ত হওয়ার কথা। চলতি বছরের শেষ নাগাদ এসব নথির সংশোধন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
জাপানের লক্ষ্য সম্ভাব্য প্রতিপক্ষকে এমন বার্তা দেওয়া যে, দেশটিতে হামলা চালালেও কাঙ্ক্ষিত সামরিক লক্ষ্য অর্জন করা কঠিন হবে। এ জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য মানববিহীন ব্যবস্থা ব্যবহারের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মিত্রদেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করা হবে।-
আরো পড়ুন: জাপানের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রস্তাবে ১৫০ দেশের সমর্থন
বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে জাপানের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সামরিক ও কৌশলগত সমন্বয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।



