উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান অতিথিদের
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং উচ্চশিক্ষার পথে তাদের অনুপ্রাণিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও হযরত আলী ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা যুবদলের সভাপতি আলফাজ উদ্দিন মিঠু এবং সদস্যসচিব নূর আহমেদ চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শওকত হাসান সুমন। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সন্ধ্যা রানী বালা।
অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।



