ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিউল্লাপাড়ায় পুরোদমে শুরু হয়েছে সরিষার আবাদ

উল্লাপাড়ায় পুরোদমে শুরু হয়েছে সরিষার আবাদ

নিউজ ডেস্ক:  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুরোদমে শুরু হয়েছে বছরের দ্বিতীয় প্রধান ফসল সরিষার আবাদ। প্রকৃতির অনুকূল আবহাওয়া ও মাটিতে পর্যাপ্ত ‘জো’ আসায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। আধুনিক কৃষিপ্রযুক্তির ছোঁয়া এবং সরকারি প্রণোদনার ফলে এবার বাম্পার ফলনের আশা দেখছেন কৃষিজীবীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টরে বীজ বোনার কাজ সম্পন্ন হয়েছে। বিশেষ করে উপজেলার উধুনিয়া, বড়পাঙ্গাসী, বাঙ্গালা ও মোহনপুর ইউনিয়নের বিস্তীর্ণ প্রান্তরজুড়ে সবচেয়ে বেশি সরিষার চাষ হয়ে থাকে। এছাড়া সলঙ্গা, রামকৃষ্ণপুর, হাটিকুমরুল, পূর্ণিমাগাতী, উল্লাপাড়া সদর, বড়হর, পঞ্চক্রোশী, সলপ, দুর্গানগর ও কয়ড়া ইউনিয়নের মাঠগুলোতেও ব্যাপকভাবে সরিষা আবাদ করা হচ্ছে।

মাঠ পর্যায়ে ঘুরে দেখা গেছে, কৃষকরা বারি সরিষা-১৪, বারি ১৭, বারি ২০, বিনা-৯, বিনা-১১ এবং স্থানীয় জাতের সেতি ও কালো মাঘি সরিষা চাষ করছেন। অধিক ফলনশীল এসব জাত কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

সামাইল দহ, বিনায়েকপুর, সিমলা, চড়ুইমুড়িসহ বিভিন্ন এলাকার মাঠে বড় ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে জমিতে নিবিড় হালচাষ করা হচ্ছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক বিঘা জমিতে তিন থেকে চারবার চাষ দিয়ে মই দিয়ে মাটি সমান করতে ১৫শ থেকে ১৮শ টাকা খরচ পড়ছে। বাঙ্গালা ইউনিয়নের সামাইল দহ মাঠের কৃষক নুরুল ইসলাম জানান, জমি তৈরি, বীজ ও কীটনাশক বাবদ বিপ্রতিবেশে তাঁর দুই হাজার টাকার মতো খরচ হয়েছে। তিনি টিএসপি, ইউরিয়া, এমওপি ও বোরন সার সুষম মাত্রায় প্রয়োগ করেছেন।

এদিকে, রোপা আমন ধান কেটে সেই জমিতেই অনেক কৃষক আগাম সরিষা চাষ করছেন। ফসল তোলার পর এসব জমিতে পরবর্তীতে বোরো ধান আবাদ করা হবে। তবে কিছু এলাকায় আগে বোনা গাছে পচন রোধে সতর্কতামূলকভাবে বালাইনাশক স্প্রে করতে দেখা গেছে। নতুনপাড়া এলাকার কৃষক জহুরুল ইসলাম জানান, তিনি এবার চার বিঘা জমিতে সরিষা চাষ করেছেন এবং ফলন ভালো পেতে নিয়মিত পরিচর্যা চালিয়ে যাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, কৃষি প্রণোদনার আওতায় উল্লাপাড়ার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রতিজন কৃষককে এক কেজি করে উচ্চফলনশীল জাতের সরিষা বীজ (বারি-৯, বারি-১৪ ও বারি-২০), ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular