নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে অবস্থিত আমেরিকার একটি সামরিক বিমানঘাঁটিতে হামলার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১১ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। আমেরিকার বিচার বিভাগ জানিয়েছে, ইরান-সমর্থিত এই তিনজন ব্যক্তি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে একাধিক সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।
তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো, গত সেপ্টেম্বর মাসে তারা যুক্তরাজ্যে মার্কিন সৈন্যদের ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের কাছে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় ইতোমধ্যে যুক্তরাজ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত তিনজনের মধ্যে একজন ব্যক্তি নিউইয়র্কের একটি কারাগারে বন্দী থাকা অবস্থায় যুক্তরাজ্যের লোকজনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই পরিকল্পনা পরিচালনা করতেন। আর বাকি দুইজন ইরান থেকে এই কাজের নির্দেশ দিতেন। তবে ইরান এসব ঘটনায় তাদের জড়িত থাকার কথা পুরোপুরি অস্বীকার করেছে।
আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, অভিযুক্ত তিনজন মোট ১৮টি হামলার চেষ্টার সঙ্গে জড়িত ছিল। তারা একটি নতুন সংগঠনের নাম ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে আগুন লাগানো, বোমা বিস্ফোরণ এবং লন্ডনে দুজন মানুষকে ছুরি মেরে আঘাত করার মতো অপরাধমূলক কাজের পরিকল্পনা করেছিল।
সেপ্টেম্বর মাসের শেষ দিকে ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে তিনটি সন্দেহজনক ভ্যান দেখতে পান স্থানীয় এক কৃষক। পরে পুলিশ গিয়ে ভ্যানগুলো থেকে প্রচুর পরিমাণে পেট্রোল ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ জব্দ করে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ওই ঘাঁটি থেকে তাদের সব যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে।
সূত্র: বিবিসি



