ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিস্টার্টআপে সর্বোচ্চ ৫০লাখ টাকা অনুদান পাবেন যেভাবে

স্টার্টআপে সর্বোচ্চ ৫০লাখ টাকা অনুদান পাবেন যেভাবে

উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার, যার জন্য আবেদন করতে পারবেন প্রবাসীরাও। এ বিষয়ে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

নীতিমালা অনুযায়ী, স্টার্টআপের উন্নয়নের বিভিন্ন পর্যায় বিবেচনায় এক লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। আইডিয়া উন্নয়নে এক লাখ থেকে তিন লাখ টাকা, প্রোটোটাইপ ও ন্যূনতম কার্যকর পণ্য (এমভিপি) তৈরিতে তিন লাখ থেকে ১০ লাখ টাকা এবং ইনভেস্টমেন্ট রেডিনেস, ব্রিজ ও ম্যাচিং ফান্ডিংয়ের জন্য ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা দেওয়া যাবে। তবে যৌক্তিকতা বিবেচনায় বিশেষ ক্ষেত্রে এই অনুদানের পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

প্রোটোটাইপ ও এমভিপি পর্যায়ে ব্যক্তিগত আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পাবেন। গত ১১ নভেম্বর এ সংক্রান্ত নীতিমালা জারি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ১২ নভেম্বর এ বিষয়ে গেজেট জারি হয়।

নীতিমালায় আরও বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ের স্টার্টআপের উদ্ভাবনী ধারণাকে বাজারজাতযোগ্য পণ্য ও সেবায় রূপান্তর, নতুন উদ্যোগ সৃষ্টি, কর্মসংস্থান, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এ অনুদান দেওয়া হবে।

সরকারি অনুদান ব্যবস্থাপনায় স্বচ্ছতা, প্রতিযোগিতা, জবাবদিহি ও ফলাফলভিত্তিক অর্থায়ন নিশ্চিত করাও এর উদ্দেশ্য।

অনুদান পাবেন যেভাবে

নীতিমালায় স্টার্টআপের বিকাশের জন্য তিনটি ধাপ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে প্রি-আইডিয়েশন ও আইডিয়া উন্নয়ন, দ্বিতীয় ধাপে প্রোটোটাইপ ও ভ্যালিডেশন এবং তৃতীয় ধাপে ইনভেস্টমেন্ট রেডিনেস ও ব্রিজ ফান্ডিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রথম ধাপে উদ্ভাবনী ধারণা শনাক্ত, দল গঠন, সমস্যা বিশ্লেষণ, প্রাথমিক মেন্টরিং ও ধারণা যাচাইয়ে সহায়তা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে প্রোটোটাইপ তৈরি, ন্যূনতম কার্যকর পণ্য (এমভিপি) উন্নয়ন, ব্যবহারকারী ও বাজার যাচাই এবং প্রযুক্তিগত পরীক্ষা করা হবে।

তৃতীয় ধাপে পণ্য উন্নয়ন, বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি, বিনিয়োগ প্রস্তুতি, ডিউ ডিলিজেন্স এবং করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে।

অনুদানের ধরন ছয়টি। এগুলো হলো আইডিয়া অনুদান, প্রোটোটাইপ উন্নয়ন অনুদান, প্রি-সিড অনুদান, সিড অনুদান, ইনভেস্টমেন্ট রেডিনেস ব্রিজ অনুদান এবং বিশেষ উদ্ভাবন অনুদান।

আইডিয়া অনুদানের অর্থ ধারণা যাচাই, দল গঠন, বাজার সমীক্ষা, প্রাথমিক গবেষণা ও ডিজাইনে ব্যবহার করা যাবে। প্রোটোটাইপ অনুদান দিয়ে হার্ডওয়্যার বা সফটওয়্যার উন্নয়ন, পরীক্ষণ ও প্রযুক্তিগত যাচাই করা যাবে। প্রি-সিড অনুদান দেওয়া হবে এমভিপি তৈরি, বাজার যাচাই, প্রাথমিক গ্রাহক অর্জন ও ব্যবসায়িক মডেল উন্নয়নে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular