নিউজ ডেস্ক: যশোরের চৌগাছা উপজেলার বুন্দলিতলা গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান আলীর সন্তান মোহাম্মদ আলমগীর হোসেনকে বিনা পরোয়ানায় গ্রেফতার এবং মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, গত ১৩ নভেম্বর ২০২৬ রাত ১টা ৫৪ মিনিটে নিজ বাসভবন থেকে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আলমগীরকে গ্রেফতার করা হয়।
বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। মোহাম্মদ আলমগীর হোসেন এস এম হাবিবুর রহমান পৌর ডিগ্রি কলেজ, চৌগাছা, যশোরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা শাখা সংসদের সহ-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যশোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মনে করে, দেশের একজন নাগরিককে গ্রেফতার করার ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া, সাংবিধানিক অধিকার এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
রাতের আঁধারে বাসভবন থেকে বিনা পরোয়ানায় গ্রেফতারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।হয়রানিমূলক মামলা কিংবা বেআইনি গ্রেফতারের মাধ্যমে কাউকে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠককে এভাবে হয়রানির শিকার হতে হবে- এটি কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী অবিলম্বে মোহাম্মদ আলমগীর হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করছে।



