নিউজ ডেস্ক: অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে ফার্মেসি মালিক, ফার্মাসিস্ট ও সাধারণ জনগণের প্রতি সচেতনতামূলক নির্দেশনা দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
১৯ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা গণবিজ্ঞপ্তিতে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, বিতরণ ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ধারা অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার দ্য কাউন্টার (ওটিসি) ওষুধ ব্যতীত অ্যান্টিবায়োটিক বিক্রি বা বিতরণ করা যাবে না। অ্যান্টিবায়োটিক বিক্রির তথ্য যথাযথভাবে নিবন্ধনে সংরক্ষণ, ক্রেতার স্বাক্ষর ও তারিখসহ বিক্রির ক্যাশমেমো প্রদান এবং নির্ধারিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ফার্মাসিস্টদের রোগীর ব্যবস্থাপত্র অনুযায়ী অ্যান্টিবায়োটিক সরবরাহ এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে বলা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে।
জনসাধারণকে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা, ওষুধ কেনার সময় মেয়াদ ও ক্যাশমেমো যাচাই এবং নির্ধারিত কোর্স সম্পন্ন করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার জীবাণুর প্রতিরোধক্ষমতা বাড়িয়ে জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।-
আইন ও নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।