তিন দিনের বৃষ্টিতে ধান কাটা ব্যাহত, আরও দুদিন বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। গত তিন দিনের বৃষ্টিতে শীতকালীন সবজি ও আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে কখনো হালকা, আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে। আকাশও রয়েছে মেঘাচ্ছন্ন।
বাতাসের চাপ খুব বেশি না বাড়লেও জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা বেড়েছে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কৃষকেরা জানান, আরও কয়েক দিন এভাবে বৃষ্টি হলে শীতকালীন ফসলের পাশাপাশি আমন ধানেরও ক্ষতি হতে পারে। বেশির ভাগ জমিতে ধান পাকতে শুরু করেছে। কোথাও কোথাও ধান কাটা ও মাড়াইও শুরু হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে জমিতে পানি জমায় ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। তবে বৃষ্টি কমে গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম বলে মনে করছেন তাঁরা। কিছু জমিতে পানি জমলেও পাম্পের সাহায্যে তা সরিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে সামান্য বৃষ্টিতেই পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। তাঁদের অভিযোগ, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, খাল ভরাট এবং খালে ময়লা-আবর্জনা ফেলার কারণে পানি দ্রুত নামতে পারে না। এ সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কার্যকর ফল পাওয়া যায়নি বলে অভিযোগ তাঁদের।
রামগতি আবহাওয়া অফিসের কর্মকর্তা সৌরভ হোসেন বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি হচ্ছে। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়তে পারে বলেও জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জহির উদ্দিন বলেন, আমন ধান কাটা শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পুরোদমে ধান কাটা ও মাড়াই শুরু হবে। তবে গত তিন দিনের বৃষ্টিতে ধান কাটার কাজ কিছুটা ব্যাহত হয়েছে। জেলায় প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতি হতে পারে। তবে বৃষ্টি থেমে গেলে ক্ষতির আশঙ্কা কম বলে আশা করছেন তিনি।



