নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিপুলসংখ্যক বৈঠা জব্দের ঘটনার পর এবার থানায় হামলা ও অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে সামাজিক যোগাযোগমাধ্যমে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।
থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থানায় অগ্নিসংযোগের হুমকি দিয়ে পোস্ট করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এর আগে বুধবার রাতে নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে তৈরি করা ৪০০টি বৈঠা উদ্ধার করে পুলিশ। কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজারের একটি আসবাবের দোকানে অভিযান চালিয়ে এসব বৈঠা জব্দ করা হয়। এ সময় বৈঠা তৈরির কারিগর জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে যার নির্দেশে এসব বৈঠা তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ, সেই রঞ্জু অভিযানের খবর পেয়ে আগেই সরে পড়েন।
কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ফেসবুকে ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের অ্যাকাউন্ট থেকে থানায় আগুন দেওয়ার হুমকি ও তাকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করা একটি পোস্ট দেখতে পান তিনি। তার ধারণা, এটি একটি ভুয়া আইডি।
ওসি বলেন, পোস্টটিতে কারা লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন এবং অ্যাকাউন্টটির বন্ধুতালিকায় কারা রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে হুমকিদাতাকে শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইতিমধ্যে এ ঘটনায় জিডি করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিকে শনাক্তের কাজ চলছে।



