আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে তেহরান বলছে, তারা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর আল জাজিরা।
বাহরাইন ডিফেন্স ফোর্সের (বিডিএফ) তথ্য অনুযায়ী, গতকাল গভীর রাতে আকাশপথে ইরানের বেশ কয়েকটি হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলা ছিল ‘ইরানের আগ্রাসনের’ অংশ। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হননি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা।
তবে কোন শিল্প স্থাপনায় হামলা হয়েছে বা সেটি কোথায় অবস্থিত, তা জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। তখন কী ধরনের হুমকি রয়েছে, তা না জানিয়ে বাসিন্দাদের কাছাকাছি নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছিল মন্ত্রণালয়।
হামলার পর এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালিয়েছে তারা। আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এসব ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করার দাবিও করেছে আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়, ‘ইরানের আকাশসীমায় অব্যাহত আগ্রাসন ও লঙ্ঘনের জবাবে’ এ অভিযান চালানো হয়েছে।
আইআরজিসি আরো জানায়, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর এসব ঘাঁটিতে হামলা চালানো হয়। অভিযানটি পরিচালনা করে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স।
এর আগে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনের শেখ ঈসা ও জুফেইর এলাকায় যুক্তরাষ্ট্রের সেনারা ব্যবহার করেন এমন দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।
আইআরজিসির দাবি, ইরানের আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি হেঙ্গাম দ্বীপে দেশটির একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেও এ অভিযান চালানো হয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে গিয়ে পড়ে। এতে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় সংস্থাটি। ওই সংবাদমাধ্যমের দাবি, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বারবার দেখা দেয়া ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে বারবার হামলা হয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোয় তিনটি ড্রোন হামলার শিকার হয়েছে বাহরাইন।
শিল্প স্থাপনায় হামলার পর বাহরাইনের কর্তৃপক্ষ বিপদ কেটে যাওয়ার ঘোষণা দিলেও বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে।
ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও। যুদ্ধ শুরুর পর থেকে এসব দেশের বিভিন্ন স্থানে বারবার হামলা চালিয়েছে তেহরান।



