নিউজ ডেস্ক: দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন এক হাজার ২৪৭ জন এবং নিশ্চিত হামে ১০৫ জন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত বুলেটিনে তথ্যটি জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হামে মারা গেছেন নয়জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক হাজার ১৬২ জন। নিশ্চিত আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, সিলেটে ১৮ জন এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছেন।
অন্যদিকে, নতুন শনাক্ত সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩ জন, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ১৩৬ জন। সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২০ হাজার ৭০৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয়েছেন এক হাজার ৬৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।
বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৫৬০ জন। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হামেও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।
এ পরিস্থিতিতে, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা, টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচার কার্যক্রমও চালানো হচ্ছে।



