উপমাদেশের গণসংস্কৃতি আন্দোলনের প্রবাদপ্রতীম শিল্পীসংগ্রামী,আজীবন বিপ্লবী হেমাঙ্গ বিশ্বাস এর আজ প্রয়াণ দিবস। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি…
ঢাকা নিউজ ডেস্কঃভারতীয় উপমাদেশের গণসঙ্গীতের প্রাণপুরুষ,প্রথিতযশা গণসঙ্গীতশিল্পী ও সুরকার হেমাঙ্গ বিশ্বাস আজীবন একজন বিপ্লবী ও শিল্পীসংগ্রামী।মূলত লোকসঙ্গীতকে কেন্দ্র করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য।তিনি একাধারে রচয়িতা,সুরকার ও গায়ক।বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা হেমাঙ্গ বিশ্বাস গণমানুষের মুক্তির লক্ষ্যেই গান গেয়ে বেড়িয়েছেন গ্রাম বাংলার পথে পথে। সারা জীবন কাটিয়েছেন গণসঙ্গীত নিয়েই।বিপ্লবী গণসঙ্গীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামে ১৯১২ সালের ১৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।জমিদার পরিবারের সন্তান হয়েও রাজনৈতিক মতাদর্শে এবং অঙ্গীকারে শ্রেণির সীমানা তিনি অতিক্রম করতে পেরেছিলেন। হবিগঞ্জের মিডল ইংলিশ স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।হবিগঞ্জ হাইস্কুল থেকে ১৯৩০ সালে মেট্রিক পাশ করার পর তিনি সিলেটের মুরারিচাঁদ কলেজে ভর্তি হন।সেখানে তিনি স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন।১৯৩২ সালে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন।১৯৩৫ সালে রাজনৈতিক কারণে প্রথম কারাবন্দী হন। ১৯৩৮-৩৯ সালে বিনয় রায়,নিরঞ্জন সেন,দেবব্রত বিশ্বাস প্রমুখের সাথে ‘ভারতীয় গণনাট্য সংঘ’ বা আইপিটিএ গঠন করেন।গণনাট্য আন্দোলন কেবলমাত্র একটি স্কোয়াডের সুনির্দিষ্ট অনুষ্ঠানমালার মধ্যে সীমাবদ্ধ ছিল না।এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল শ্রমিক,কৃষক,ছাত্র, যুবক,মহিলা,শিশু-কিশোরসহ সর্বশ্রেণির গণমানুষের মাঝে।প্রতিটি গণসংগঠনে প্রচারের অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল গণসঙ্গীত। গ্রামেগঞ্জে সংগ্রামী কৃষকদের লড়াই-সংগ্রামের অনুপ্রেরণার হাতিয়ার হয়ে উঠেছিল গণসঙ্গীত। তাঁর একটি বিখ্যাত গান ছিল- “হেই সামালো ধান হো,কাস্তেটা দাও শাণ হো, জান কবুল আর মান কবুল,আর দেবো না,আর দেবো না রক্তে বোনা ধান মোদের প্রাণ হো।” জমিদারী প্রথা উচ্ছেদের জন্য ঐতিহাসিক তেভাগা, টংক আন্দোলন চলাকালে হাজার হাজার কৃষকের সমাবেশে ও মিছিলে অসংখ্য কণ্ঠে গাওয়া এই গান, কৃষকদের মনোবল ও উদ্দীপনাকে বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। গানটি ছড়িয়ে পড়েছিল বাংলার ঘরে ঘরে, গ্রাম থেকে গ্রামান্তরে।১৯৪৮ সালে তেলেঙ্গানা আন্দোলনের সময়ে তিনি আবার গ্রেফতার হন এবং তিন বছর কারাবন্দী থাকেন।১৯৫৩ সালের এপ্রিল মাসে মোম্বাইতে অনুষ্ঠিত আইপিটিএ’র সপ্তম সর্বভারতীয় সন্মেলনে হেমাঙ্গ বিশ্বাসের নেতৃত্বে আসামের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।১৯৪৩ সালে তাঁর উদ্যোগে এবং জ্যোতিপ্রকাশ আগরওয়ালের সহযোগিতায় ‘সিলেট গণনাট্য সংঘ’ গঠিত হয়।স্বাধীনতার আগে ভারতীয় গণনাট্য সংঘের গানের সুরকারদের মধ্যে তিনিই ছিলেন প্রধান।সেই সময়ে তাঁর গান ‘তোমার কাস্তেটারে দিও জোরে শান’, ‘কিষাণ ভাই তোর সোনার ধানে বর্গী নামে’ প্রভৃতি আসাম ও বাংলায় বিপুল সাড়া ফেলেছিল।১৯৭১ সালে ‘মাস সিঙ্গার্স’ নামে নিজের দল গঠন করে জীবনের শেষ দিকেও তিনি গ্রামে গ্রামে গান গেয়ে বেড়িয়েছেন।গানে গানে শুনিয়েছেন গণমানুষের মুক্তির কথা।তিনি ‘কল্লোল’, ‘তীর’, ‘লাললণ্ঠন’ প্রভৃতি নাটকের সঙ্গীত পরিচালক ছিলেন।রাশিয়ান গানও তিনি অনুবাদ করেন।আন্তর্জাতিক শ্রমিক সংগীত ‘ইন্টারন্যাশনাল’ ও রাশিয়ান সুরে তাঁর গাওয়া ‘ভেদী অনশন মৃত্যু তুষার তুফান’ গানটি ‘In the call of comrade Lenin’ এর ভাবানুবাদ।এটি কমিউনিস্ট কর্মিদের কাছে অতীব জনপ্রিয় হয়।হেমাঙ্গ বিশ্বাস রচিত তুমুল জনপ্রিয় গণসঙ্গীত এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শঙ্খচিলের গান,জন হেনরীর গান,মাউন্টব্যাটেন মঙ্গলকাব্য,‘বাঁচব বাঁচব রে আমরা’,‘মশাল জ্বালো’, ‘সেলাম চাচা’, ‘আমি যে দেখেছি সেই দেশ’ ইত্যাদি।
(হেমাঙ্গ বিশ্বাস: জন্ম: ১৪ ডিসেম্বর ১৯১২ – মৃত্যূ: ২২ নভেম্বর ১৯৮৭) এই মহতশিল্পীর প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।



