নিউজ ডেস্ক: “কবি সুফিয়া কামাল ছিলেন এমন এক আলোকবর্তিকা, যাঁর জীবন ও আদর্শ তাঁর সময়কে ছাড়িয়ে পরবর্তী প্রজন্মকেও আলোকিত করেছে। বর্তমান সময়ে অন্যায়, অসহিষ্ণুতা, বিদ্বেষ ও মুক্তচিন্তার সংকট মোকাবিলায় তাঁর মতো সাহসী ও বিবেকবান মানুষের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভূত হচ্ছে।”
আজ ২২ নভেম্বর ২০২৬, সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম একথা বলেন।
উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস ও সাধারণ সম্পাদক মালেকা বানু। কবির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবিকন্যা, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল এবং ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার পূরবী তালুকদার। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সংগঠন উপপরিষদের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফজিলা খাতুন লতা।
অনুষ্ঠনের শুরুতে প্রয়াত কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ এবং ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ০২ টি দলীয় গান পরিবেশন করেন বাংলাদেশ মহিলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।
কবির রচনা থেকে পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদ সদস্য সিরাজুম মুনিরা এবং জারিন তাসনিম চৌধুরী। একক গান পরিবেশন করেন সংগঠন উপপরিষদের সদস্য আফরা আনতারা এবং বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য পরমা সরকার।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জননী সাহসিকা কবি সুফিয়া কামালের অসামান্য জীবনদর্শন, আদর্শ এবং দেশ গঠনে তাঁর অসীম অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নারী অধিকার, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন।
এছাড়া, বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় ও হানাহানি দূর করতে তার আদর্শ অনুসরণ করার উপর বিশেষ জোর দেন বক্তারা। পাশাপাশি কবির রেখে যাওয়া আদর্শ ও সংগ্রামের চেতনাকে ধারণ করে একটি সমতাপূর্ণ সমাজ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি, ঢাকাস্থ জাতীয় পরিষদ সদস্য, ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ; বিভিন্ন উপপরিষদের সদস্য, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সুফিয়া কামালের কর্মজীবনের উপর নির্মিত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণে জননী সাহসিকা কবি সুফিয়া কামাল’-বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
/মাহমুদ/



