চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা ইউনিয়নের জামতলা এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের একটি গোডাউন ঘিরে মধ্যরাতের অভিযান ও পরবর্তী সংবাদ প্রকাশ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অবৈধভাবে গ্যাস ব্যবসা পরিচালনার অভিযোগে উপজেলা প্রশাসন ও পুলিশ অভিযান চালালেও ঘটনাস্থলে অভিযোগের সত্যতা না পাওয়ায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যেও উঠে এসেছে একই তথ্য।
গত ১৯ নভেম্বর রাত ১২টার দিকে অবৈধ গ্যাস ব্যবসার অভিযোগে উপজেলা প্রশাসন ও পুলিশ সেখানে অভিযান চালায়। তবে ঘটনাস্থলে গ্যাস রিফিল বা কোনো অপরাধের প্রমাণ না পাওয়ায় কোনো আইনগত ব্যবস্থা ছাড়াই অভিযান সমাপ্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা।
অন্যদিকে, গোডাউন সংশ্লিষ্টদের অভিযোগ, কয়েকজন কথিত সাংবাদিক অর্থ দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তারা প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ দেন এবং বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেন। স্থানীয় নেতারাও এলাকায় ভুয়া সাংবাদিকদের হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। জননিরাপত্তার স্বার্থে গোডাউনটির বৈধতা ও নিরাপত্তা যাচাইয়ের পাশাপাশি সাংবাদিকতার নামে চাঁদাবাজির অভিযোগটির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সচেতন মহল।



