নিউজ ডেস্ক : দেশে পলিথিনের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়নি। পলিথিন শপিং ব্যাগের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে বলেছেন, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান । এ নিষেধাজ্ঞায় ২০০২ সালে উৎপাদনের ওপর নিষিদ্ধ আরোপ করা হয়। এটা নতুন না। সরকার শুধু তা বাস্তবায়নের চেষ্টা করছে। সেই সঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে।
রাজধানীতে এক অনুষ্ঠানে বুধবার (১৮ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন।
জলবায়ু ফান্ডের অর্থের অপব্যবহার হচ্ছে -এ কথা জানিয়ে উপদেষ্টা বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে। জ্বালানি সুবিচারসহ জীবনযাত্রা বদলাতে হবে।
ঢাকার বায়ুদূষণের সমস্যা সমাধান চার মাসেই সম্ভব নয়। এটা দীর্ঘ প্রক্রিয়ার অংশ। নদী দূষণ, খাল ভরাট, বায়ুদূষণসহ ৫৩ বছরের জঞ্জাল দূর করা কঠিন। তবে কাজটা সরকারকে শুরু করতে হবে।
তিনি বলেন, অবৈধ ইটভাটাসহ পরিবেশে দূষণে দায়ীদের বিরুদ্ধে টাস্ক ফোর্সের অভিযান শুরু হবে। বিভিন্ন সংস্থার সমন্বয়ে, যারা বায়ুদূষণ নিয়ে কাজ করে, তাদের নিয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। যাদেরকে ১৪টি গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে। মাঠে নামবে আগামী শনিবার থেকে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে নদী ও খাল দখল হচ্ছে। ঢাকার খাল পুনর্খনন ও অবৈধ দখলমুক্ত করতে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে-এতে ঢাকার ২১টা খাল চিহ্নিত করা হয়েছে।



