ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়অতীতে সরকারের ব্যর্থতায় জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি: শফিকুর রহমান

অতীতে সরকারের ব্যর্থতায় জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে যারা সরকারের নেতৃত্বে ছিলেন, তাঁদের ব্যর্থতার কারণে বাংলাদেশ যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর্যায়ে যেতে পারেনি। বরং সমাজে বঞ্চনা, বৈষম্য, অবিচার, নিপীড়ন ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

গতকাল সোমবার রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যেসব শিক্ষার্থীর হাতে আজ চেক তুলে দেওয়া হচ্ছে, তারা বয়সে অনেক ছোট। একদিন তারা বড় হবে এবং নিজেদের মেধা দিয়ে জাতিকে নেতৃত্ব দেবে। সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যদি এখন থেকে মেধা ও মনন এবং দক্ষতা ও নৈতিকতার সঙ্গে নিজেকে গড়ে তুলতে পার, যদি মানুষ ও আল্লাহকে ভালোবাসতে পারো, তাহলে তোমাদের দ্বারা আগামীর সুন্দর সমাজ আমরা প্রত্যাশা করি।’

শিক্ষার্থীদের মেধা বিকাশে রাষ্ট্র ও রাজনীতিবিদদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমীর বলেন, স্কুলে মানসম্মত শিক্ষা না পাওয়ার কারণে অনেক শিক্ষার্থীকে বাড়িতে আলাদা শিক্ষকের কাছে পড়তে হয়। সব পরিবারের পক্ষে সন্তানের জন্য আলাদা শিক্ষক রাখা সম্ভব নয়। এর ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শিক্ষকদের শিক্ষার্থীদের পিতামাতার বিকল্প হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের কারিকুলাম, শিক্ষক, শিক্ষাব্যবস্থা ও পরিবেশ আমাদের ফিরিয়ে আনতে হবে।’ সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও চরিত্রের দিক থেকে নিজেদের গড়ে তুলতে হবে। সৎ, দক্ষ ও বুদ্ধিমান নাগরিকদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দেওয়ার প্রত্যাশা করেন তিনি।

বর্তমান সমাজে চাঁদাবাজি, ধান্দাবাজি ও অসততার প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই এটির কবর রচনা হোক।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জাতিকে হারানো যাবে না, জাতিকে জিততে হবে। এজন্য শিক্ষার্থীদের তৈরি হতে হবে।’

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular