নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও সুস্থ সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বে রয়েছেন প্রতিমন্ত্রী।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিস্তারের সঙ্গে অপরাধও বাড়ছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাই তাঁদের মূল দায়িত্ব। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে।
পরিবেশ সংরক্ষণের ওপরও গুরুত্ব দেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। নদীদূষণ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




