ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপাবনাআগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

নিউজ ডেস্ক : আগামী আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবি উল আলম। তিনি বর্তমানে রেল মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন। পাবনায় সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটের জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী জুলাই মাসে কিছু নতুন কোচ এসে পৌঁছাবে। সবকিছু পরিকল্পনামতো এগোলে অগ্রাধিকার ভিত্তিতে আগস্টেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু করা সম্ভব হবে। পরে ঢাকা-খুলনা রুটেও সরাসরি ট্রেন চালুর কথা রয়েছে।

মন্ত্রী আরও জানান, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তাঁর ভাষায়, এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না; প্রাধান্য পাবে জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। তিনি বলেন, খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগব্যবস্থা দৃশ্যমান হবে।

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়ন সম্পন্ন হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার দ্রুততম সময়ে এই প্রকল্প এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন।-

অনুষ্ঠানে পাবনার সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতারা উপস্থিত ছিলেন। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পাবনা ও ঢাকার মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular