নিউজ ডেস্ক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামী আগস্ট মাসে টানা চার দিনের ছুটি ভোগের এক অনন্য সুযোগ তৈরি হতে যাচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে বুদ্ধি খাটিয়ে মাত্র এক দিনের ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলেই মিলবে টানা চার দিনের এই লম্বা ছুটি।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার এই উৎসবের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সপ্তাহান্তের দুই দিনের ছুটি মিলিয়ে মাঝখানের একদিনের ব্যবধানে এই দীর্ঘ অবকাশের সম্ভাবনা দেখা দিয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর নির্ধারিত ছুটি। এরপর ২৮ আগস্ট শুক্রবার ও ২৯ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাঝখানের ২৭ আগস্ট বৃহস্পতিবার কোনোভাবে ছুটি বা বিকল্প ব্যবস্থা করতে পারলে টানা চার দিন কর্মস্থল থেকে দূরে থাকার সুযোগ পাবেন চাকরিজীবীরা।
সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত দপ্তরের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকে। তবে জনস্বার্থে জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে।




