বাংলাদেশের চূড়ান্ত জাতীয় দল ঘোষণা
নিউজ ডেস্ক: আগামী আগস্টে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ৩য় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (IOAI) এবং আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (APOAI) জন্য বাংলাদেশের চূড়ান্ত জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (BdAIO)-এর আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।
তিন মাসব্যাপী এই নির্বাচন প্রক্রিয়ার আয়োজন এবং ২০-২৩ মে অনুষ্ঠিত জাতীয় সিলেকশন ক্যাম্পের মূল্যায়নের ভিত্তিতে দল দুটি গঠন করা হয়েছে। এশিয়া প্যাসিফিক অলিম্পিয়াডের জন্য ৮ সদস্যের দল এবং আন্তর্জাতিক পর্বের জন্য ৪ সদস্যের দল নির্বাচন করা হয়েছে।
আগামী ১৩ জুন ঢাকার নির্ধারিত ভেন্যু থেকে অনলাইনে যুক্ত হয়ে এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশের ৮ সদস্যের দল। দলে রয়েছেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের লাবিব শাহরিয়ার, নটর ডেম কলেজ, ঢাকার ত্রিদিব রায় আর্য ও মোবতাসিম চৌধুরী প্রিয়ম, মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ, দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নওফেল রহমান, ন্যাশনাল আইডিয়াল স্কুলের মুর্তজা আব্দুল্লাহ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনন্য জারিফ আকন্দ এবং রাজউক উত্তরা মডেল কলেজের মো. রিয়াসাত ইসলাম।
কাজাখস্তানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে (IOAI) অংশ নেবে বাংলাদেশের ৪ সদস্যের দল। দলে রয়েছেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের লাবিব শাহরিয়ার, নটর ডেম কলেজ, ঢাকার মোবতাসিম চৌধুরী প্রিয়ম, মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ এবং মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনন্য জারিফ আকন্দ। এছাড়া বাংলাদেশ দলের সঙ্গে যাবেন দলনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।
উল্লেখ্য, ৩য় বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের নিবন্ধন শুরু হয় গত ২৫ মার্চ। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা ‘এআই কুইজ’ এবং ‘এআই চ্যালেঞ্জ’ ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। এবার প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুরে অফলাইন আঞ্চলিক পর্ব আয়োজন করা হয়। পাশাপাশি খুলনা, রাজশাহীসহ দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য অনলাইন ই-অলিম্পিয়াডের আয়োজন করা হয়। আঞ্চলিক পর্ব শেষে ১৬ মে ঢাকায় অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব। জাতীয় পর্বের ‘এআই চ্যালেঞ্জ’ ক্যাটাগরি থেকে নির্বাচিত শীর্ষ ৩০ জনকে জাতীয় সিলেকশন ক্যাম্পে আমন্ত্রণ জানানো হয় এবং এতে ২৫ জন অংশ নিয়েছে। ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেশিন লার্নিং কনটেস্ট, ভাইভা, পাইথন নোটবুক মূল্যায়ন এবং সিলেকশন টেস্টের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এসব ধাপের ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত দল নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (BdOSN) সার্বিক ব্যবস্থাপনায় দেশের তরুণ প্রজন্মকে এআই ও মেশিন লার্নিং প্রযুক্তিতে বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্যে এই অলিম্পিয়াড নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এবারের আসরের প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পন্সর বিটনা। নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, টিভি পার্টনার দীপ্ত টিভি, পার্টনার হিসবে আছে কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা এবং অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডট কম ও জাদু পিসি।




