ঢাকা  রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশ‘আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে’: পানিসম্পদ মন্ত্রী

‘আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে’: পানিসম্পদ মন্ত্রী

নাজমুল হোসেন : পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিনের এই জঞ্জাল থেকে বের হতে আমাদের অনেক শ্রম দিতে হচ্ছে, ত্যাগ স্বীকার করতে হচ্ছে।’

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশে অনেক যুদ্ধ, লড়াই, সংগ্রাম ও আন্দোলন হয়েছে। এরপরও মানুষ অভাব-অনটন থেকে পুরোপুরি বের হতে পারেনি। এর মধ্যে ১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ মানুষকে আঁকড়ে রেখেছিল। এতে মানুষের জীবনের ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘১৭ বছরের ট্রেন্ড ১৭ দিনে শেষ করে দেব, সাত মাসে শেষ হয়ে যাবে—এটা মনে করার কোনো অবস্থান বা বলা ঠিক হবে না।’ দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে উঠতে সময় ও শ্রম প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘১৭ বছর আমরা অনেক কিছু হারিয়েছি। শিক্ষা বিস্তার হারিয়েছি, চাকরির বয়স হারিয়েছি, সমাজকে হারিয়েছি। সমাজ ও পরিবারকে কিছু দিতে পারিনি। দেশের জন্য কিছু করার, দেশকে কিছু দেওয়ার সুযোগও হারিয়েছি।’

তিনি বলেন, দীর্ঘদিনের পরিস্থিতি থেকে বের হতে অনেক লড়াই ও সংগ্রাম করতে হয়েছে। নতুন প্রজন্মের একটি অংশ গত ১৭ বছরের সময়ের সঙ্গে বেড়ে উঠেছে। তারা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘদিনের পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকারের কার্যক্রমের কথা তুলে ধরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করছেন। তাঁরাও সমন্বয়ের মাধ্যমে কাজ করে প্রধানমন্ত্রীর কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতা করছেন।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিনসহ অন্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular