নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : সিটি করপোরেশন ও শহরাঞ্চলসহ সারা দেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে নীতিমালা প্রণয়ন করছে সরকার। ই-রিকশার নিবন্ধন, ফিটনেস পরীক্ষা, চলাচল নিয়ন্ত্রণ, গ্যারেজ ও চার্জিং ব্যবস্থাপনা নিয়ে একটি সুসংগঠিত কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন।
সভায় ই-রিকশার ব্যবস্থাপনা, চলাচল, নিবন্ধন ও নিয়ন্ত্রণ নিয়ে সংশ্লিষ্ট অংশীজনেরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। এর আগে অনুষ্ঠিত সভাগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, জনগণকে কোনোভাবেই ভোগান্তিতে ফেলা যাবে না। কার্যকরভাবে নীতিমালা বাস্তবায়ন করা গেলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন চালু করা হলে ই-রিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে। একই সঙ্গে ই-রিকশার ফিটনেস, চার্জিং ও অন্যান্য কারিগরি বিষয় একটি কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে।
বিদ্যমান ই-রিকশাগুলোর ফিটনেস পরীক্ষা করে প্রত্যয়ন দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম জানান, ই-রিকশা ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিমালার খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। দ্রুততম সময়ের মধ্যে বিধিমালা প্রণয়ন ও প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এহসান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




