ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী ‘ফ্রিডম ২৫০’ উদ্যাপন উপলক্ষে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’-এর উদ্বোধন হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ইউল্যাবের ডি বিল্ডিংয়ের লবিতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর রিচার্ড ব্রুনার উদ্বোধনী বক্তব্য দেন। তিনি প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি ও প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য প্রফেসর ড. সামসাদ মর্তূজা। তিনি এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ তৈরির গুরুত্ব তুলে ধরেন।
এ সময় ইউল্যাবের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন অফিসের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ও ইএমকে সেন্টারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ইউল্যাব, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ইএমকে সেন্টার যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি ১৭ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা প্রদর্শনীটি পরিদর্শনের সুযোগ পাবেন।




