আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন ও সোমালিয়া উপকূলে পৃথক সশস্ত্র জলদস্যুতার ঘটনায় মোট ২২ জন ভারতীয় নাবিকবাহী দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের শিকার হয়েছে। তবে ভারতীয় সব নাবিক সুরক্ষিত ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ‘ছিনতাই হওয়া দুটি বাণিজ্যিক জাহাজই বিদেশি পতাকাবাহী। এর একটিতে ১৬ জন এবং অন্যটিতে ৬ জনসহ মোট ২২ জন ভারতীয় নাবিক রয়েছেন। আমাদের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী তারা সবাই নিরাপদ আছেন। তাদের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’
প্রথম ঘটনাটি ঘটে গত ১৭ আগস্ট, যখন সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে ‘এমভি লুতুফ’ নামে ক্যামেরুনের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ দখল করে আট সশস্ত্র জলদস্যু। ১০ জন ক্রুর মধ্যে ৬ জন ভারতীয় ছাড়াও তুর্কি, জর্জীয় ও সার্বীয় নাগরিক রয়েছেন।
অন্যদিকে, গত ২০ আগস্ট এডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে ৩০ সামুদ্রিক মাইল দূরে ‘এমটি সিবু ১’ নামের ইরিট্রেয়ার পতাকাবাহী একটি জ্বালানিবাহী ট্যাংকার ৬ সশস্ত্র জলদস্যু নিয়ন্ত্রণ নেয়। ২০ জন ক্রুর মধ্যে ১৬ জনই ভারতীয় নাগরিক।
নাইরোবিতে অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং ভারতের শিপিং মন্ত্রণালয় ঘটনাগুলোর ওপর কড়া নজর রাখছে। এডেন উপসাগর ও ভারত মহাসাগরে জলদস্যুতার সাম্প্রতিক এই পুনরুত্থান ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সূত্র: দ্য ট্রিবিউন




