আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের বড় ধরনের অর্থনৈতিক খেসারত দিতে হচ্ছে প্রতিবেশী ইরাককে। দুই দেশের সংঘাতের কারণে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ ৬০ বিলিয়ন ডলার বা ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাত ইরাকের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। দুই দেশের যুদ্ধের কারণে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
ইরাক সরকার আরও সতর্ক করে বলেছে, এই সংঘাতের প্রভাব শুধু দেশটির মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং এর ফলে বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে পণ্য ও সেবার দাম বেড়ে বৈশ্বিক মূল্যস্ফীতি আরও তীব্র হতে পারে।
ইরাকের উদ্বেগ, যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা আরও বাড়তে পারে। এতে আঞ্চলিক অর্থনীতির পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিও চাপে পড়বে। সূত্: আল জাজিরা




