ক্রীড়া ডেস্ক: প্রথমার্ধের হতাশা কাটিয়ে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে ফ্রান্স। আক্রমণে ধার বাড়িয়ে সেনেগালের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে দুটি ও ব্র্যাডলি বারকোলা একটি গোল করেন। অন্যদিকে সেনেগালের হয়ে ইব্রাহিম এমবায়ে গোলের দেখা পান।
মঙ্গলবার (১৬ জুন) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ফ্রান্সের জন্য ছিল হতাশার। বলার মতো কিছুই করতে পারেনি তারা। তাতে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণে ম্যাচে ফিরে ফ্রান্স। ৬৬ মিনিটে মাইকেল অলিসের থ্রু পাস থেকে বল পান কিলিয়ান এমবাপ্পে। এরপর তিনি একবারও না তাকিয়ে বলটি ঠাণ্ডা মাথায় এদুয়ার মেন্ডিকে পরাস্ত করে জালে পাঠিয়ে দেন।
এমবাপ্পের গোলের পর ফ্রান্সের জালে বল জড়ায় সেনেগালও। কিন্তু অফসাইটের কারণে গোলটি বাতিল হয়ে যায়। এরপর দেম্বেলের বদলি হিসেবে নামা ব্র্যাডলি বারকোলা ফ্রান্সকে লিড এনে দেন। ম্যাচের ৮২ মিনিটে আদ্রিয়াঁ রাবিওর লম্বা করে বাড়ানো থ্রু পাস ধরে গোলরক্ষক এদুয়ার মেন্ডির মাথার ওপর দিয়ে সূক্ষ্ম ও নিখুঁত ফিনিশে বল জালে পাঠান। মাঠে নামার ৩ মিনিটের মধ্যেই গোল করেন এই পিএসজি তারকা।
ম্যাচের শেষ মুহূর্তে (৯৫ মিনিট) সেনেগালের পক্ষে একটি গোল শোধ করে ইব্রাহিম এমবায়ে। তার নেওয়া জোরালো শট ফরাসি গোলরক্ষক মাইক মেনিয়াঁ আটকে পারেননি। তার গ্লাভসে লেগে বল চলে যায় জালে।
এর এক মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। প্রায় ৩০ গজ দূর থেকে শক্তিশালী এক শট নেন তিনি। বলটি বাম কোণ দিয়ে জাল খুঁজে নেয়। এতে ৩-১ গোলে জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে গত আসরের রানার্সআপরা।




