নিউজ ডেস্ক : ঈদের ছুটির শেষ দিন আজ সোমবার গরম কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকা শুষ্ক থাকবে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্ত এলাকার দু-একটি জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সার্বিকভাবে বলা যায়, আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। তবে তাপমাত্রা বাড়তে পারে, ফলে গরম বেশি অনুভূত হবে।
তিনি আরও জানান, ওই তিন বিভাগের সীমান্তবর্তী ২৫ শতাংশ স্থানে বৃষ্টি ঝরতে পারে।
এদিন সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ আজ সোমবার দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে, ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সিলেটে ৮ মিলিমিটার এবং দিনাজপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পরবর্তী চারদিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেদিনও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতি ও শুক্রবার রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।
এই দুই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এরপরের পাঁচদিন বৃষ্টিপাত প্রবণতা বাড়তে পারে।



