নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতিপ্রার্থী অধিকাংশ অভিবাসীকে গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করার সময় দেশ ছাড়তে হবে না। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) দফতার এমনটা জানিয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর সাম্প্রতিক এক ঘোষণা নিয়ে বিভ্রান্তি দেখা দেওয়ার পর মার্কিন সরকারের পক্ষ থেকে বিষয়টা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা এলো।
ওই ঘোষণায় মনে হয়েছিল যে, আবেদনকারীদের সাধারণত নিজ দেশে ফিরে যেতে হবে এবং বিদেশে অপেক্ষা করতে হবে, যদি না তাদের ‘অসাধারণ’ ব্যতিক্রমের আওতায় পড়ে।
তবে শুক্রবার (২৯ মে) ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, নীতিতে কোনো বড় ধরনের পরিবর্তন আনা হয়নি।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অভিবাসন কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই কেস-বাই-কেস ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন যে, কোনো আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে গ্রিন কার্ড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কি না।
ডিএইচএস-এর এক মুখপাত্র বলেছেন, সাম্প্রতিক নির্দেশনা আসলে বিদ্যমান এই কর্তৃত্বের কথাই মনে করিয়ে দেওয়া মাত্র। এটি সব আবেদনকারীর জন্য নতুন কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। বিভাগটি জোর দিয়ে বলেছে যে, স্থায়ী বসবাসপ্রার্থী অধিকাংশ মানুষকেই তাদের আবেদন প্রক্রিয়াধীন থাকাকালীন যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়া হবে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এটিকে ‘রুটিন প্রশাসনিক বিষয়’ বলে বর্ণনা করেছেন, কোনো বড় অভিবাসন কৌশলের পরিবর্তন নয়।




