নিউজ ডেস্ক : মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ অনেকটাই ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেয়ে বিমানবন্দরে ছয়টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটগুলোর তিনটি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে, আর তিনটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার দিনগত মধ্যরাত আড়াইটা থেকে সোমবার সকাল ৯ পর্যন্ত চলে এই অবস্থা। পরে সকাল ১০টার দিকে বিমান উঠানামা স্বাভাবিক হয়।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। স্পষ্টভাবে রানওয়ে দেখতে না পারায় তিনটি ফ্লাইটকে কলকাতায় পাঠানো হয়েছে। আর তিনটিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পাঠানো হয়েছে।
এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে আজ সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গাল্ফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুর, ড্রুক এয়ারের পারো থেকে আসাসহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট।
একসঙ্গে অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমান বন্দরের রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়েছে।
জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। কুয়াশা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



