চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের মিলনায়তনে আয়োজিত শপথ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তারা। এ সময় কেন্দ্রীয় সংসদে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার এবং হল সংসদের প্রতিনিধিদের হলের প্রভোস্টরা শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশ করা হয়। এরপর পবিত্র কুরআন, গীতা, ত্রিপিটক এবং বাইবেল পাঠের মধ্য দিয়ে শপথ গ্রহণ শুরু হয়। এরপর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ এবং ২৪ এর ছাত্রজনতার অভ্যু্ত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এ সময় কেন্দ্রীয় সংসদ, হল সংসদ এবং হোস্টেল সংসদে নির্বাচিত ২৩৫ জন প্রতিনিধি শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘ চব্বিশের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবি দাওয়ার মধ্যে অগ্রাধিকারে ছিল চাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর আমরা চাকসু নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করেছে। চাকসুর প্রতিনিধিরা এবং আমরা মিলে একটি সুন্দর বিশ্ববিদ্যালয় গড়ে তুলব বলে প্রত্যাশা করি। ‘
শপথ গ্রহণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ও নির্বাচন কমিশনের সদসবৃন্দ, চাকসুর সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না এবং চাকসুর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



