ঠাকুরগাঁও প্রতিনিধি: হরিপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে রুবেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার জাদুরনী বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রুবেল রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের পটুয়াপাড়া এলাকার বাসিন্দা খলিলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির সময় রুবেলকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা তার হাত দুটি রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটুনি দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে গাছ থেকে নামিয়ে ফেলা হয়।
ঘটনার সেই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা দাবি করেন, রুবেল দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। এই ক্ষোভ থেকেই তাকে পিটুনির শিকার হতে হয়েছে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
সচেতন নাগরিকরা মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে পদক্ষেপ নেয়া জরুরি। এ ধরনের ঘটনা এড়াতে আরও সচেতন হতে হবে।



