নিউজ ডেস্ক: ঢাকা শহরে ছিনতাই ঠেকাতে শেষ রাতে পুলিশি টহল বাড়াতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ঢাকা শহরে ছিনতাই বেড়ে গেছে। বিশেষ করে শেষ রাতে বেশি হচ্ছে। তাই আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়িয়ে দেওয়া হয়, ছিনতাই যাতে শূন্যের কোটায় নিয়ে আসা যায় সে চেষ্টা করতে হবে।
রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বরের নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করেছি। ১৬ ডিসেম্বর দেশের মানুষ যাতে ভালোভাবে বীজয় দিবস উদযাপন করতে পারে এ ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। দিবসগুলোকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কাও নেই। পাশাপাশি তবলীগ জামায়াতের ইজতেমা নিয়ে আলোচনা করেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ট্রাফিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থা আছে এখান থেকে আরো উন্নতি করতে হবে।
একই বৈঠকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, সারা দেশে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে এবং সেটা অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট সরকারের যারা আছে, মিছিল করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে; এবং যাদের নামে মামলা আছে তাদের গ্রেফতার করা হবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে প্রতিহত করবে আইনশৃঙ্খলা বাহিনী।



