ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

নিউজ ডেস্ক: চট্রগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পরিকল্পিত এই হামলার ঘটনায় র্যাব সদস্যদের সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের দুই ঘণ্টাব্যাপী গুলি বিনিময় হয়। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

সোমবার র্যাব কর্মকর্তা সূত্র জানায়, এই পরিকল্পিত হামলা পরিচালনায় এবারও সন্ত্রাসীরা যৌথ বাহিনীর যাতায়াতে বিঘ্ন ঘটাতে বেশ কিছু স্থানে রাস্তা কেটে দিয়েছে এবং কালভার্ট ভেঙে দিয়েছে। সন্ত্রাসীরা বুলডোজার ব্যবহার করে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পের দেওয়ালও ধসিয়ে দিয়েছে। হামলার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

সকালে যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করার কথা জানা গেছে। র‍্যাবের দাবি, ‘সন্ত্রাসী’ ইয়াসিন বাহিনীর সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত।

র‍্যাব-৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাত ২টার দিকে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর পক্ষ থেকে নন লেথাল অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনী এলাকায় প্রবেশ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক দিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিকে থেকে একটি সড়ক ঢুকে গেছে জঙ্গল সলিমপুর অভিমুখে পাহাড়ি এলাকায়। ছিন্নমূল ও আলীনগর এ দুটি অংশে বিভক্ত এলাকাটি। জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে এখানে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি বেশ কয়েকটি ভূমিদস্যু সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। সরকারি খাসজমিতে অবৈধ বসতি গড়ে তোলার পাশাপাশি পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে অসংখ্য ঘরবাড়ি, দোকান ও মার্কেট।

স্থানীয় সূত্রগুলো জানায়, গত ১৯ জানুয়ারি একই এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। ঐ সময় আরো ৩ জন র‍্যাব সদস্য ও ১ জন সোর্স আহত হন। এ ঘটনায় র‍্যাবের পক্ষে সীতাকুণ্ড থানায় মামলা করা হলেও মূল আসামিরা এখনো ধরা পড়েনি। এ ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ হারায়। সরকার জঙ্গল সলিমপুরে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

একটি সূত্র জানায় , গত ৯ মার্চ পরিচালিত যৌথ অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়। এলাকাবাসী জানান, অভিযানের আগে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা রোকনের দখলে আর আলীনগর এলাকা ইয়াসিনের দখলে ছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular