ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশজলবায়ু ঝুঁকি মোকাবেলায় নীতিমালার আধুনিকায়ন

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নীতিমালার আধুনিকায়ন

নিউজ ডেস্ক:  জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বিদ্যমান জাতীয় নীতিমালা আধুনিকায়ন করছে সরকার। একইসঙ্গে বজ্রপাতে প্রাণহানি কমাতে প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো, বন্যা, খরা ও নদীভাঙনের মতো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকার ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (২০২১-২০২৫) এবং ‘স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি)’ প্রণয়ন করেছে।’

তিনি জানান, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এসব পরিকল্পনাকে আরও সময়োপযোগী ও কার্যকর করতে কাজ চলছে। এর অংশ হিসেবে এসওডি সংশোধন এবং ২০২৬-২০৩০ মেয়াদের নতুন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশিক্ষিত জনবল তৈরি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রম জোরদারে প্রধানমন্ত্রী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণকাজের উদ্বোধন করেছেন।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসন-২ এর সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, ‘বজ্রপাতপ্রবণ এলাকায় প্রাণহানি কমাতে সরকার সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে বজ্রপাতের পূর্বাভাস তৈরি করছে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং আইভিআর প্রযুক্তির মাধ্যমে এসব সতর্কবার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।’

এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, পোস্টার প্রচার ও মহড়ার আয়োজনের পাশাপাশি বজ্রপাতপ্রবণ এলাকায় কৃষক ছাউনি-কাম বজ্রনিরোধক দণ্ড স্থাপন এবং ব্যাপক হারে তালগাছ রোপণের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular