সৈয়দ নুরুল্লাহেল সাদেক : জামালপুর শহরের পাঁচ রাস্তা রেলগেট এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান মাম্মি (৩৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকে তাঁর স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ রাস্তা রেলগেট এলাকার বাবলু মিয়ার বাড়ির পঞ্চম তলার পূর্ব পাশের একটি ফ্ল্যাটে স্বামী ও সন্তানদের নিয়ে থাকতেন ইসরাত জাহান। রোববার সকালে ওই ফ্ল্যাট থেকে শিশুদের কান্না ও চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের মূল দরজা এবং ভেতরের দুটি কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। পরে তালা ভেঙে একটি কক্ষ থেকে শিশুদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অন্য একটি কক্ষের বিছানা থেকে ইসরাত জাহানের লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর নাক দিয়ে রক্তক্ষরণের চিহ্ন দেখা যায়।
নিহতের আট বছর বয়সী মেয়ে সামিয়া আফরিন স্নেহা পুলিশকে জানিয়েছে, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাবা কাওসার আহমেদ শাওন সন্তানদের একটি কক্ষে এবং মাকে অন্য কক্ষে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। পরে ফ্ল্যাটের মূল দরজায় তালা লাগিয়ে তিনি চলে যান।
জামালপুর সদর থানার পুলিশ জানিয়েছে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের স্বামী কাওসার আহমেদ শাওনের গ্রামের বাড়ি জেলার বকশীগঞ্জ উপজেলার ঘটিয়াডাঙ্গা এলাকায়।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি সন্দেহজনক। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
জামালপুর সদর থানার পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।




