ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসজুলাই-আগস্টে শহীদদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে

জুলাই-আগস্টে শহীদদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। শহিদ পরিবার কিংবা যারা আহত হয়েছেন তাদের কেউই বলছেনা যে জুলাই- আগস্টের আন্দোলনে গিয়ে ভুল করেছেন। কিন্তু তারা বিচার দেখতে চায়।

রবিবার বিকালে রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স আয়োজিত “গণমানুষের জাগ্রত জুলাই” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আপনারা নির্বাচনের কথা বলছেন। নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার আসবে ঠিকই কিন্তু আমরা যে অনির্বাচিত এ কথা বললো কে? যারা নতুন বাংলাদেশের জন্য পরিবর্তন এনে দিয়েছে তারাই রাষ্ট্র ও সরকার গঠন করেছে। কাজেই সরকারের দায়িত্ব হলো তাদের চাহিদা মেটানো।

রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি তা রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাজারে হামলা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা নতুন বাংলাদেশে কোনভাবেই সহ্য করা হবেনা। মাজারকেন্দ্রিক নেতিবাচক ধারণা দূর করে মাজারগুলো রক্ষা করতে হবে।

জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রোমেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, শহীদ আলভীর পিতা আবুল হাসান, শহীদ নাফিজের পিতা গোলাম রহমান, শহীদ ইমাম হোসেন তামিমের ভাই রবিউল আউয়াল বক্তৃতা প্রদান করেন।

অনুষ্ঠানে গরীব-অসহায়দের জন্যে মেডিকেল ক্যাম্প, জুলাইয়ের গ্রাফিতি, আন্দোলনের ছবি ও খবরের কাগজ প্রদর্শনী, কবিতাপাঠ, জুলাই আন্দোলনে আহত, সম্মুখ সারির যোদ্ধাদের স্মৃতিচারণ, শিশুদের চিত্রাঙ্কন, ভাবগানের আসর ও বইমেলা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular