বিশেষ প্রতিনিধি, ঢাকা: ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী এই দুই দেশের সরকার প্রধানের মধ্যকার বৈঠককে দুই দেশের জন্য ‘আশার আলো’ হিসেবে দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক নিয়ে এরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘‘ বিমসটেকে সাইডলাইন বৈঠক হয়েছে… এটা (বৈঠক) খুব আনন্দের কথা। আমরা মনে করি যে, ভূ-রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ-ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ড. ই্উনুস( মুহাম্মদ ইউনুস) এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী(নরেন্দ্র মোদী)সাহেবের বৈঠকটা… এটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করছে।”
‘‘ ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস(তিক্ততা) তৈরি হয়েছিলো সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি সামনে না যায় অথবা এটা আপনার যেন কমে আসে সেখানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, ‘‘ আমি যতদূর দেখেছি, তাতে করে আমার মনে হয়েছে এই ব্যাপারে দুজনই যথেষ্ট আন্তরিক এবং এটা নিসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে… দুই দেশের মানুষের উপকার করবে।”
শুক্রবার স্থানীয় সময় দুপুরে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হয়। সাংবাদিকদের সাথে কথা বলার আগে গুলশানে চেয়ারপারসনে কার্যালয়ে ক্রীড়াঙ্গনে কর্মকর্তা, সংগঠন এবং ক্রীড়াবিদদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব।
সংগঠন ও ক্রীড়াবিদদের মধ্যে ছিলেন, মাহবুবুল আনাম, রফিকুল ইসলাম বাবু, রুম্মন বিন ওয়ালি সাব্বির, নিয়ামুর রশীদ রাহুল, মো. আশরাফুল, হাবিবুল বাশার সুমন, রিয়াজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, আবু দাউদ শামসুদ্দোজা চৌধুরী ডন, মাইশিকুর রহমান রিয়াল, ফাহিম সিনহা, কাজী মহিউদ্দিন বুলবুল, সেলিম শাহেদ, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আকরাম হোসেন সবুজ,ইব্রাহিম খলিল প্রমুখ।
ঢাকা নিউজ/ এস



