গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ ২৪ নেতা-কর্মীরা বহিষ্কারাদেশ প্রত্যাহার ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারী সমাবেশে হামলার বিচার এই তিনদফা দাবিতে গৌরীপুরে বিএনপির একাংশ মশাল মিছিল ও সমাবেশ করেছে।
‘ধানের শীষে ভোট চাই, মনোনয়ন পরিবর্তন চাই’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম বলেন, আমাদের বিএনপি প্রার্থী মনোনয়ন প্রাপ্তির পর একদিন এসেছিলেন গৌরীপুরে। সেদিন আমাদের মা-বোনেদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমাদের মা- বোনদের ওপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছেন আপনি কোনদিন গৌরীপুরের মা-বোনদের কাছে যেতে পারবেন না। যতদিন পর্যন্ত হিরণ সহ নেতা ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারী সমাবেশে হামলার বিচার ও মনোনয়ন পরিবর্তন করে হিরণকে মনোনয়ন প্রদান করা না হবে ততদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো।
উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার বলেন, আমাদের নেতা তারেক রহমান কিছুদিন আগে বক্তৃতা দিয়েছেন যদি কোন ত্যাগী নেতা মনোনয়ন থেকে বাদ পড়ে, সে মনোনয়ন পাবে ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের ঢাকা থেকে কয়েকটি টিম গোপনে ময়মনসিংহের গৌরীপুরে প্রবেশ করেছে। সকলেই চিন্তামুক্ত থাকবেন অচিরেই একটা সুখবর আসবে ইনশাল্লাহ। যে পর্যন্ত আমাদের প্রাণের নেতা হিরণ মনোয়ন ফিরে না পাবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এসময় হিরণের নারী সমাবেশে হামলার সুষ্ঠু দলীয় তদন্তপূর্বক বিচারের দাবিও জানান তিনি।



