নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে করা হয়েছে।
কমিশনের অপর ২ জন সদস্য হচ্ছেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাদের নিয়োগ অনুমোদন করেছেন।
এতে বলা হয়, ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
ড. মোহাম্মদ আবদুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ড. মোহাম্মদ আবদুল মোমেন।
গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন। এর পর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদ খালি ছিল।



