নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণে এগিয়ে এসেছে ধানমন্ডি থানা ছাত্রদল। রোববার (০৮ মে) বিকেলে রাজধানীর পশ্চিম ধানমন্ডি ১ নম্বরে এক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
এই কর্মসূচির আওতায় পুরো ধানমন্ডি এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি বর্জ্য পরিষ্কারে সহায়তা করছে ছাত্রদলের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামাল, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত, ধানমন্ডি থানা বিএনপির নেতা সালাউদ্দিন কবির সুমন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন হোসেন ও মোস্তাক আহম্মেদ চঞ্চল, ছাত্রদল নেতা ইয়াসির আরাফাত, ১৫ নম্বর ওয়ার্ডের ছাত্রনেতা মো. মামুন, সাকিব, কামরুল, রিদুল, হোসাইন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, “প্রত্যেক নাগরিক সিটি কর্পোরেশনে কর দেন নাগরিক সুবিধা পাওয়ার জন্য। কিন্তু বাস্তবতা হলো, সিটি কর্পোরেশনের জনবল ও যানবাহনের অভাবে সময়মতো সব জায়গায় বর্জ্য অপসারণ সম্ভব হচ্ছে না। প্রতিদিন নতুন করে হাজার হাজার মানুষ ঢাকায় বসবাস শুরু করছে। ফলে জনসংখ্যার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বর্জ্যও বাড়ছে। এ চাপ একা সরকারের পক্ষে সামলানো কঠিন।”
তিনি আরও বলেন, “এই অবস্থায় আমাদের দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি—ভালো কাজ করুন, সমাজে অবদান রাখুন, জাতিকে সেবা দিন। এই ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে। এটা শুধু দলের দায়িত্ব নয়, প্রতিটি নাগরিকেরও দায়িত্ব—নিজের বর্জ্য সঠিক স্থানে ফেলা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা।”
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মানবসেবার অনুপ্রেরণায় তাঁরা এ উদ্যোগ গ্রহণ করেছেন। ঈদুল আজহার কোরবানির পর সৃষ্ট বর্জ্য এবং প্রতিদিনের গৃহস্থালির আবর্জনা পরিষ্কার করছেন নিজেরাই। ধানমন্ডির যেসব স্থানে সিটি কর্পোরেশনের গাড়ি পৌঁছাতে পারেনি, সেখানে নিজেরা গিয়ে বর্জ্য অপসারণ করছেন যাতে এলাকার মানুষ দুর্গন্ধ ও নোংরামুক্ত পরিবেশে চলাচল করতে পারেন।



